বাগেরহাট জেলা জজ আদালতের আইনজীবী ও সাবেক ছাত্রদল নেতা নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় দুই ভাইসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার এসব তথ্য জানান। এর আগে সোমবার ভোরে বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাগেরহাট আলিয়া মাদরাসা সড়ক এলাকার শেখ আবু দাউদের ছেলে শেখ মুরাদ (৪১) ও তার ভাই আবু তাহের দীপ ওরফে দিপু (২৯), সদর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত মোকসুদ আলীর ছেলে মো. হাফিজুর রহমান (৪৮) এবং একই এলাকার মো. এসকেন্দার শেখের ছেলে শিপন শেখ (২৮)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, হত্যাকাণ্ডের ৫০ ঘণ্টার মধ্যে প্রযুক্তিগত সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের নেতৃত্বে থাকা শেখ মুরাদ নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্তর পূর্বপরিচিত ও বন্ধু ছিলেন। তারা দীর্ঘদিন একসঙ্গে চলাফেরা করেছেন। ঘটনার দিনও তারা একসঙ্গে ছিলেন।
তিনি জানান, তাদের মধ্যে একটি বিষয় নিয়ে চরম মতবিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ ও অধিকতর তদন্তের মাধ্যমে হত্যার মূল কারণ বের করা সম্ভব হবে।
পুলিশ সুপার আরও জানান, হত্যার সময় ঘটনাস্থল ও আশপাশে পাঁচজন ব্যক্তি উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হাফিজুর রহমানের বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত নিহত হন। এ ঘটনায় শনিবার রাতে নিহতের স্ত্রী স্বপ্না বেগম বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।