ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লা’শ উদ্ধার

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বর থেকে দুই ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুই নারীর বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অসুস্থ অবস্থায় ওই দুই নারীকে উদ্ধার করা হয়। পরে তাদের দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি বিভাগের পাশে দুই নারীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে খবর পেয়ে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, চিকিৎসকরা পরীক্ষা করে দুই নারীকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত দুই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ঘোরাফেরা করতেন। তাদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

মৃত দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে শাহবাগ থানা পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।