জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন ও আধুনিকায়নের বিষয়ে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এছাড়া বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় জাতীয় সংসদের বর্তমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, শব্দের মান, কার্যকারিতা এবং জাতীয় সংসদের অধিবেশনসহ অন্যান্য কার্যক্রমের সঙ্গে এর সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় সংসদের কার্যক্রমকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কার্যকর করতে বিদ্যমান ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। এ লক্ষ্যে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি উন্নত সাউন্ড সিস্টেম স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ সময় সভায় উপস্থিত অতিথিরা প্রস্তাবিত প্রযুক্তিগত বিষয়গুলো নিয়ে মতামত দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সাউন্ড সিস্টেম স্থাপন করা হলে সংসদের অধিবেশন পরিচালনায় শব্দের স্বচ্ছতা, যোগাযোগের কার্যকারিতা এবং সামগ্রিক প্রযুক্তিগত সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।