দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা (জাপান) সরাসরি ফ্লাইট। রোববার (২৬ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ রুটের ফ্লাইট উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এ সময় তিনি বলেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে জাপানে বসবাসরত প্রায় আড়াই লাখ বাংলাদেশি প্রবাসী সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি এ উদ্যোগের ফলে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, এই বিমান সেবা শুধু যাত্রী পরিবহনের মধ্যে সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং পারস্পরিক অংশীদারত্ব আরও দৃঢ় হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রবাসীদের উন্নত ও সহজ সেবা নিশ্চিত করার যে লক্ষ্য দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার কাজ করছে। ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালুর পর এটি আর বন্ধ হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে অলাভজনক বিবেচনায় ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়। তবে নতুন করে যাত্রার শুরুতে এ রুটে প্রাথমিকভাবে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের উড্ডয়ন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। বর্তমানে সক্ষমতার সীমাবদ্ধতার কারণে নারিতা রুটে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে মোট ৫০টি উড়োজাহাজ যুক্ত করা। এ পরিকল্পনার অংশ হিসেবে আপাতত ১০টি নতুন উড়োজাহাজ লিজ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হওয়ার ফলে জাপানে যাতায়াতকারী প্রবাসী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পর্যটকদের ভোগান্তি কমবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।