হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অবস্থান ও রাত্রিযাপনের সুবিধার্থে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে পৃথকভাবে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) সকালে রাজধানীর আশকোনাস্থ হজ ক্যাম্প পরিদর্শনকালে এ ঘোষণা দেন তিনি।

মন্ত্রী বলেন, বিদেশে গমনেচ্ছু কর্মীদের সুবিধার্থে বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ওয়েজ আর্নার্স সেন্টারে ৪৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে। তবে যেকোনো সংকটকালীন পরিস্থিতি, বিশেষ করে আকস্মিক ফ্লাইট বাতিল বা বিলম্বের কারণে প্রবাসীদের ভোগান্তি কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি হজ ক্যাম্পে আরও ১০০ শয্যার আবাসন সুবিধা চালু করা হবে।

তিনি জানান, নতুন এই আবাসন ব্যবস্থায় পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি শয্যার ব্যবস্থা থাকবে। এ উদ্যোগের পুরো অর্থায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

প্রবাসীবান্ধব নীতির কথা উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সুযোগ-সুবিধা বাড়াতে বদ্ধপরিকর। বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া কর্মীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাদের যাত্রাপথের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি, বৈরী আবহাওয়া কিংবা বিভিন্ন কারিগরি কারণে অনেক সময় ফ্লাইট বিলম্ব বা বাতিল হয়। এ ধরনের পরিস্থিতিতে বিদেশগামী কর্মীরা বিমানবন্দরে আবাসন সংকটে পড়েন। হজ ক্যাম্পে নতুন এই শয্যা ব্যবস্থা চালু হলে তাদের দুর্ভোগ অনেকাংশে কমবে।

তিনি আরও বলেন, প্রবাসীদের কল্যাণে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। বিদেশগামী কর্মীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ভবিষ্যতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজ ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।