সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কি ছিল সেই ব্যাগে?

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুলাই, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনা জাতীয় দলের ড্রেসিংরুমে তৈরি হয়েছিল এক আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত। শিরোপা নির্ধারণী ম্যাচের কয়েক দিন আগে দলের অধিনায়ক লিওনেল মেসি সতীর্থদের জন্য বিশেষ উপহারের আয়োজন করেন। ডিফেন্ডার মার্কোস সেনেসির প্রেমিকা ও ইংলিশ ফুটবলার কেলসি-রোজ বাওয়ার্সের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে মেসির এই উদ্যোগের বিষয়টি সামনে আসে।

কেলসি-রোজ বাওয়ার্স ইংলিশ ক্লাব বোর্নমাউথের নারী দলের একজন ডিফেন্ডার। আর্জেন্টিনার ডিফেন্ডার মার্কোস সেনেসির সঙ্গে তার সম্পর্কের বিষয়টি আগে থেকেই প্রকাশ্যে ছিল। ভিডিওতে কেলসি সেনেসির পাওয়া বিশেষ উপহারটি তুলে ধরেন। উপহারের মূল আকর্ষণ ছিল একটি বাদামি রঙের ব্যক্তিগতভাবে তৈরি ব্যাগ। ব্যাগটির সামনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো, বিশ্বকাপ ট্রফির ছবি এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের নাম খোদাই করা ছিল।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, দলের প্রত্যেক সতীর্থকে এমন বিশেষ উপহার দিয়েছেন মেসি। ভিডিওতে ব্যাগের ভেতরের জিনিস দেখিয়ে কেলসি বলেন, এটি দলের সবাইকে দেওয়া মেসির উপহার। তিনি জানান, মার্কোস ফাইনাল শেষে ব্যাগটি নিয়ে এসেছে এবং এতে তার নাম লেখা রয়েছে।

ব্যাগের ভেতরে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী পানীয় ‘মাতে’ তৈরির জন্য সোনালি রঙের একটি বিশেষ থার্মাল ফ্লাস্ক, যা মেসির নিজস্ব ব্র্যান্ডের তৈরি। এর সঙ্গে ছিল একটি কাপ, চামচ এবং আর্জেন্টিনার ঐতিহ্যবাহী চা পাতার উপাদান ‘ইয়ার্বা’র প্যাকেট।

আর্জেন্টাইন সংস্কৃতিতে মাতে শুধু একটি পানীয় নয়, বরং এটি বন্ধুত্ব, ঐক্য ও একসঙ্গে সময় কাটানোর প্রতীক। জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যেও দীর্ঘদিন ধরে মাতে ভাগাভাগি করে পান করার ঐতিহ্য রয়েছে। সেই সংস্কৃতিকে সম্মান জানিয়ে এবং বড় ম্যাচের আগে দলের মধ্যে ঐক্য ও অনুপ্রেরণা বাড়াতেই মেসি এমন স্মরণীয় উপহার বেছে নেন বলে মনে করা হচ্ছে।

ভিডিওটি প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে অধিনায়ক হিসেবে মেসির সতীর্থদের প্রতি এমন আন্তরিকতা ও ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছেন সমর্থকেরা।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে আর্জেন্টিনা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় মেসির দল। অতিরিক্ত সময়ে ফেররান তোরেসের করা একমাত্র গোলে বিশ্বচ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করে স্পেন।