সরকারের মাত্র পাঁচ মাসের মধ্যেই দেশে নানা ধরনের আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এসব বিষয় থাকবেই, তবে দেশের সামনে পাওয়া সুযোগ কোনোভাবেই হেলায় হারানো যাবে না। এই সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকারের মাত্র পাঁচ মাসেই দেশে অনেক ধরনের কথা শুরু হয়ে গেছে। তবে এগুলো নিয়ে হতাশ হওয়ার সুযোগ নেই। যে সুযোগ এসেছে, তা কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও পরিবর্তনের পথে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বিগত ১৭ বছরে দেশের অর্থনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন এসব প্রতিষ্ঠান পুনর্গঠনের কাজ চলছে। এই প্রক্রিয়ায় সময় প্রয়োজন হবে বলেও উল্লেখ করেন তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় চার কোটি শিক্ষিত যুবক রয়েছে। কিন্তু তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এ সমস্যা সমাধানে পরিবর্তনের কাজ শুরু হয়েছে। তবে এর সুফল পেতে সময় লাগবে। এ জন্য কর্মমুখী শিক্ষার ওপর বেশি গুরুত্ব দিতে হবে।
দেশের জ্বালানি সংকটের বিষয়ে মির্জা ফখরুল বলেন, দেশে গ্যাস ও তেলের সংকট রয়েছে। জ্বালানির এই সমস্যা দেশের উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও এর ওপর প্রভাব ফেলছে। তিনি বলেন, ইরানে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি খাত আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাই বিকল্প জ্বালানির উৎস খুঁজে বের করতে হবে এবং পরিবেশবান্ধব জ্বালানির দিকে মনোযোগ বাড়াতে হবে।
বিএনপির মহাসচিব আরও বলেন, দেশের পরিবর্তনের জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। যে যেখানে আছেন, সেখান থেকেই তারেক রহমানকে সহযোগিতা করতে হবে। দেশের পরিবর্তন আনতে হলে আগে নিজেদের পরিবর্তন করতে হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব তরুণদের হাতেই। তাই দক্ষতা অর্জন, কর্মমুখী শিক্ষা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।