মিরপুরের নতুন ইউএনও আফরোজ শাহিন খসরু, জনবান্ধব প্রশাসনের প্রত্যয়

মিরপুরে উপজেলা প্রতিনিধি, আশিক প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুলাই, ২০২৬

কুষ্টিয়ার মিরপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আফরোজ শাহিন খসরু। এর আগে তিনি দেশের বিভিন্ন জেলায় মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

মিরপুরে যোগদানের আগে তিনি পঞ্চগড় জেলার সীমান্তবর্তী তেঁতুলিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি প্রশাসনিক দক্ষতা, জনসেবামূলক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আফরোজ শাহিন খসরুর যোগদানের মধ্য দিয়ে মিরপুর উপজেলা প্রশাসনে নতুন কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দায়িত্ব গ্রহণের সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং স্বাগত জানান।

নতুন ইউএনওর দায়িত্ব গ্রহণে স্থানীয় সুশীল সমাজ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশাবাদ ব্যক্ত করেছেন। তারা মনে করছেন, তাঁর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে মিরপুর উপজেলার জনসেবার মান আরও উন্নত হবে, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু বলেন, সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

তিনি মিরপুর উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।