প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত 

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুলাই, ২০২৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের সব ভবনের তালা খুলে দিয়েছেন। তবে তাদের তিন দফা দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। শনিবার (২৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক এবং শিক্ষার্থীদের দাবির প্রতি শিক্ষক ও প্রশাসনের সংহতি প্রকাশের পর রাত ১০টার দিকে ভবনগুলোর তালা খুলে দেওয়া হয়।

এর আগে ২২ জুলাই রাতে বিজয়’২৪ হলে ঘটে যাওয়া একটি ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ভবনসহ বিভিন্ন একাডেমিক ভবনে তালা দিয়ে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেন। পরে শিক্ষার্থীদের তিন দফা দাবির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুষ্ঠু তদন্ত ও দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে শিক্ষার্থীরা ভবনের তালা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা নিজ নিজ বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসব সভায় যৌন অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচারের দাবির প্রতি শিক্ষকরা সংহতি প্রকাশ করেন।

পরে বিকেল সাড়ে ৪টায় উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

সভায় সিদ্ধান্ত হয়, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক মো. আশরাফুল আলম এবং ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক মো. নবীউল ইসলাম খান ২২ ব্যাচের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। ওই আলোচনার পর শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে বিশ্ববিদ্যালয়ের সব ভবনের তালা খুলে দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফিরে আসার আহ্বান জানিয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের দাবিগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তিন দফা দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না তারা। শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে ভবনের তালা খুলে দেওয়া হলেও ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বহাল থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, দাবি বাস্তবায়নের আগে শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ দেওয়া যাবে না। দাবি পূরণ হওয়ার পর স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি দ্রুত প্রকাশের ব্যবস্থার আহ্বান জানানো হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে।