জরুরি প্রয়োজনে প্রবাসীদের অবস্থান ও রাত্রিযাপনের সুবিধার্থে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) সকালে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনকালে এ ঘোষণা দেন তিনি।
মন্ত্রী বলেন, বিদেশগামী কর্মীদের সুবিধার্থে বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ওয়েজ আর্নার্স সেন্টারে ৪৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে। তবে জরুরি পরিস্থিতি, ফ্লাইট বাতিল কিংবা বিলম্বের কারণে প্রবাসীরা যাতে ভোগান্তিতে না পড়েন, সে জন্য হজ ক্যাম্পে অতিরিক্ত ১০০ শয্যার ব্যবস্থা করা হবে।
তিনি জানান, নতুন আবাসন ব্যবস্থায় পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি শয্যার ব্যবস্থা থাকবে। এ উদ্যোগের সম্পূর্ণ অর্থায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সুযোগ-সুবিধা বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। যুদ্ধবিগ্রহ, বৈরী আবহাওয়া কিংবা অন্যান্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে অনেক সময় আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়। তখন প্রবাসীরা বিমানবন্দরে আবাসন সংকটে পড়েন। হজ ক্যাম্পে এই আবাসন ব্যবস্থা চালু হলে তাদের দুর্ভোগ অনেকাংশে কমবে। তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের যাত্রাপথ সহজ ও নিরাপদ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজ ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দরের কাছাকাছি এ আবাসন সুবিধা চালু হলে আকস্মিক পরিস্থিতিতে দেশে ও বিদেশগামী প্রবাসী কর্মীরা নিরাপদে অবস্থানের সুযোগ পাবেন।