নাটোরে বিধবা নারীর ১৫ কাঠা সবজিক্ষেত কেটে নষ্ট, দোষীদের শনাক্তের দাবি

নাটোর জেলা প্রতিনিধি, শরিফুল ইসলাম প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নাটোর সদর উপজেলার ৪ নম্বর লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আটঘড়িয়া গ্রামে এক বিধবা নারীর ১৫ কাঠা জমির সবজিক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রবিবার (২৬ জুলাই) এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সুফিয়া বেগম, মৃত জিন্নাত আলীর স্ত্রী। তিনি জানান, দীর্ঘদিন ধরে কৃষিকাজ করেই পরিবারের জীবিকা নির্বাহ করে আসছেন। তার পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও সবজি চাষই ছিল তাদের আয়ের অন্যতম প্রধান উৎস।

সুফিয়া বেগমের অভিযোগ, তার সঙ্গে কারও কোনো বিরোধ বা শত্রুতা নেই। এরপরও রাতের অন্ধকারে কে বা কারা তার ১৫ কাঠা জমির সবজিক্ষেত কেটে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং দিশেহারা হয়ে পড়েছেন।

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে কোনো কৃষক যেন এ ধরনের ঘটনার শিকার না হন, সে জন্য প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে। তারা ঘটনার দ্রুত তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।