দীর্ঘ অপেক্ষার অবসান: লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিনুল হক

লালমনিরহাট প্রতিনিধি, ফারুক সূর্য প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বর্ষীয়ান রাজনৈতিক নেতা এ কে এম মমিনুল হক।

তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় নিয়ে তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাকে জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেন। দলের সাধারণ নেতাকর্মীদের প্রত্যাশা, মমিনুল হকের অভিজ্ঞতা ও নেতৃত্বে লালমনিরহাট জেলা বিএনপি আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।

এদিকে, জেলা বিএনপির নতুন নেতৃত্বের পথচলায় দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য জেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলীয় নেতৃবৃন্দ।

দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কে এম মমিনুল হক বলেন, “মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমার রাজনৈতিক অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই আমার ওপর যে আস্থা রেখেছেন, তা সর্বোচ্চ নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে রক্ষা করার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, লালমনিরহাট জেলা বিএনপিকে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে আরও সুসংগঠিত করা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে পাশে থাকাই হবে তাঁর প্রধান লক্ষ্য। দলের ত্যাগী ও পরিচ্ছন্ন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, এ কে এম মমিনুল হক ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন। পরবর্তীতে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন দায়িত্ব পালন করেন। দলীয় নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনের সঙ্গে যুক্ত থেকেছেন।

তাঁর নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।