শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি শিক্ষা ব্যবস্থার চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রহ্লাদ জোশী। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী তার ওপর যে আস্থা রেখেছেন, তা ধরে রাখতে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দায়িত্ব পালন করবেন।
শিক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে জোশী বলেন, গত এক দশকের বেশি সময়ে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এ সময় তিনি সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবদানের প্রশংসা করেন এবং বিশেষ করে ভারতের নতুন জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়নে তার ভূমিকার কথা উল্লেখ করেন।
প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী মোদির দিকনির্দেশনায় গত কয়েক বছরে ভারতের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন শিক্ষা নীতিকে সামনে রেখে আগামী দিনেও শিক্ষা খাতের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
এর আগে চিকিৎসা শিক্ষার ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা খাতে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের মুখে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপরই প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, প্রহ্লাদ জোশী বর্তমানে ভারতের কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্বে রয়েছেন। নতুন দায়িত্বের মাধ্যমে তিনি নিজের বর্তমান মন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের কাজও পরিচালনা করবেন।