তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্তের নির্দেশ

সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে এক চিকিৎসককে ২৪ ঘণ্টার মধ্যে অন্যত্র বদলির নির্দেশ এবং দায়িত্বে অবহেলার অভিযোগে এক নৈশপ্রহরীকে বরখাস্তের নির্দেশ দেন তিনি।

রোববার (২৬ জুলাই) সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেবা কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় হাসপাতালের সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে জানা যায়, চিকিৎসক ডা. শাউলি নানজিবা তন্বী গত ২১ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাকে ২৪ ঘণ্টার মধ্যে অন্যত্র বদলির নির্দেশ দেন।

এছাড়া প্রায় দুই বছর আগে হাসপাতাল থেকে নয়টি এসি আউটডোর ইউনিট চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নৈশপ্রহরী মোস্তফাকে বরখাস্তের নির্দেশ দেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে হাসপাতালের অনুমোদিত ৪৬ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৬ জন। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিচ্ছন্নতাকর্মীর সংকট রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যায় উন্নীতকরণের কাজ দ্রুত শুরু হবে এবং শিগগিরই মাটি পরীক্ষার কাজও শুরু করা হবে।

তিনি বলেন, হাসপাতালের জন্য ৭ থেকে ৮ তলাবিশিষ্ট আধুনিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেখানে প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, মাতৃদুগ্ধ কর্নার এবং ট্রমা সেন্টার স্থাপন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. জ্যোতির্ময়, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফয়সাল সরদারসহ হাসপাতালের চিকিৎসক, নার্স, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।