রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে গরমের অনুভূতি কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে তাপমাত্রা বাড়লেও রাজধানীতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে গত কয়েক দিনের তুলনায় গরমের অনুভূতি কিছুটা বেশি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে শনিবার (২৫ জুলাই) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং সোমবার (২৭ জুলাই) সূর্যোদয় হবে সকাল ৫টা ২৭ মিনিটে।
এদিকে, সারা দেশের জন্য দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।