নেত্রকোণার সদর উপজেলায় মাহফুল মিয়া (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার (২৬ জুলাই) ভোরে উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রামের নিজ বসতঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মাহফুল মিয়া ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান মাহফুল। পরে রোববার ভোরে তার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। এ সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় টর্চের আলো জ্বালিয়ে ঘরে প্রবেশ করেন তিনি।
ঘরে ঢুকেই তিনি ছেলেকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ শুরু করে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবেশীর সঙ্গে মাহফুলের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে মাহফুলকে হত্যা করা হয়েছে, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।