স্টিল শিল্পে নতুন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে আবুল খায়ের স্টিল (একেএস)। এক মিনিটে সর্বাধিক স্টিল রিবার উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে।
রোববার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নির্ধারিত যাচাই প্রক্রিয়া অনুযায়ী একেএস মাত্র এক মিনিটে ৫২টি স্টিল রিবার উৎপাদন করেছে। প্রতিটি রিবারের দৈর্ঘ্য ছিল ১০৮ মিটার। এই অর্জনের মাধ্যমে বাংলাদেশের স্টিল শিল্পের প্রযুক্তিগত সক্ষমতা, উৎপাদন দক্ষতা ও আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থাপনা বিশ্ব দরবারে নতুন স্বীকৃতি পেয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বের দ্রুততম রিবার রোলিং মিলের সক্ষমতা, অত্যাধুনিক প্রযুক্তি, দক্ষ প্রকৌশলী এবং উন্নত উৎপাদন ব্যবস্থাপনার সমন্বয়ে এ রেকর্ড অর্জন সম্ভব হয়েছে। একেএসের উৎপাদন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি হলো ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তি, যার মাধ্যমে শতভাগ পরিশোধিত স্টিল উৎপাদন করা হয়।
আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান মোমিন বলেন, এই বিশ্বরেকর্ড শুধু একেএসের জন্য নয়, এটি বাংলাদেশের উৎপাদন শিল্পের সক্ষমতা ও সম্ভাবনারও আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বমানের প্রযুক্তি, দক্ষ জনবল এবং উৎকর্ষের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতেও আন্তর্জাতিক মান বজায় রেখে সর্বোচ্চ মানের স্টিল উৎপাদনে একেএস কাজ করে যাবে। একেএস জানায়, উৎপাদন সক্ষমতার পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের প্রতিও প্রতিষ্ঠানটি গুরুত্ব দিয়ে আসছে। তাদের উৎপাদন ব্যবস্থায় শূন্য পানি অপচয় প্রযুক্তির মাধ্যমে ব্যবহৃত পানি পরিশোধন ও পুনর্ব্যবহার করা হচ্ছে।
এ ছাড়া সৌরশক্তির ব্যবহার, উন্নত ধোঁয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা, উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত উপকরণের পুনর্ব্যবহার এবং নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও জ্বালানি দক্ষতা নিশ্চিত করা হচ্ছে। দেশের আবাসন, শিল্প ও বৃহৎ অবকাঠামো নির্মাণে দীর্ঘদিন ধরে স্টিল সরবরাহ করে আসা একেএস এই অর্জনের মাধ্যমে বাংলাদেশের শিল্প খাতের অগ্রগতি ও প্রযুক্তিগত সক্ষমতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।