এলএলবি পরীক্ষায় সাতক্ষীরা ল কলেজের ঈর্ষণীয় সাফল্য, পাসের হার ৯৮ শতাংশ

সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুলাই, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সদ্য প্রকাশিত এলএলবি শেষ পর্বের পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা ল কলেজ। এবার কলেজটির শিক্ষার্থীদের পাসের হার ৯৮ শতাংশ। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়ে মেধার স্বাক্ষর রেখেছেন।

এ সাফল্যে কলেজজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। শিক্ষার্থীরা তাদের এই কৃতিত্বের পেছনে কলেজের অধ্যক্ষ ড. রবিউল ইসলাম খান, প্রভাষকমণ্ডলী এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা, সঠিক দিকনির্দেশনা ও নিরলস সহযোগিতাকে প্রধান অবদান হিসেবে উল্লেখ করেছেন।

কলেজের অধ্যক্ষ ড. রবিউল ইসলাম খান বলেন, “শিক্ষার্থীদের এই অসাধারণ অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ সাফল্য আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা বিশ্বাস করি, আইন শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে ভবিষ্যতেও দক্ষ ও যোগ্য আইনজীবী গড়ে তুলতে সাতক্ষীরা ল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এ কলেজ থেকে উত্তীর্ণ অসংখ্য শিক্ষার্থী বর্তমানে বিচার বিভাগ, উচ্চ আদালত এবং জেলা জজ আদালতে সফলতার সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

কলেজটির এই গৌরবোজ্জ্বল সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক, আইনজীবী ও এলাকাবাসী। তাদের মতে, গভর্নিং বডির সভাপতি ও সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতা, অধ্যক্ষের দক্ষ নেতৃত্ব, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ উল্লেখযোগ্য অর্জন সম্ভব হয়েছে।

শুভাকাঙ্ক্ষীরা কলেজের কৃতী শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সাতক্ষীরা ল কলেজ সাফল্যের এ ধারা অব্যাহত রেখে আইন শিক্ষায় দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে।

উল্লেখ্য, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির প্রায় সাড়ে ৬০০ সদস্যের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আইনজীবী সাতক্ষীরা ল কলেজের সাবেক শিক্ষার্থী, যা প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের শিক্ষাগত ঐতিহ্য ও সাফল্যের প্রমাণ বহন করে।