আলীকদম সদর ইউনিয়নের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

আলীকদম উপজেলা প্রতিনিধি, আবু সুফিয়ান প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বান্দরবানের আলীকদম উপজেলার ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানার কাছে অর্পণ করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. সানিউল ফেরদোস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের ১২ জুলাই ২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। একইভাবে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান-১ আব্দুল মতিনকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পরবর্তীতে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও প্যানেল চেয়ারম্যান-৩-এর মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনা করা হলেও পরিষদের সদস্যরা এতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। ফলে প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনায় প্রশাসনিক জটিলতা দেখা দেয়।

এ অবস্থায় ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারার আলোকে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানাকে ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের আদেশে আরও জানানো হয়, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।