রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানো মো. সাহাবুদ্দিন আজ রোববার (২৬ জুলাই) বঙ্গভবন ছাড়ছেন। এরপর সপরিবারে তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন। জটিল শারীরিক সমস্যার চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাবেক এই রাষ্ট্রপতি।
শনিবার (২৫ জুলাই) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মো. সাহাবুদ্দিন জানান, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংকক যেতে পারেন। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তার জটিল রোগের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ থাকায় তাকে সঙ্গে নিয়েই বিদেশে চিকিৎসা নিতে যাবেন বলে জানান তিনি।
এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছেন তিনি। সম্প্রতি হৃদযন্ত্রে বাইপাস সার্জারির পর তিনি ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামের একটি জটিল রোগে আক্রান্ত হন। এ কারণে মাঝেমধ্যে তিনি স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন বলেও জানান।
সাবেক রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে কয়েকদিন আগ থেকেই তার ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসভবনে সরিয়ে নেওয়া হচ্ছিল। ইতোমধ্যে গুলশানের বাসার পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন হয়েছে।
২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। তার দায়িত্ব পালনের সময়ে দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটে। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বর্তমানে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ দায়িত্ব পালন করছেন।
এদিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বগুড়ার শেরপুরে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নতুন রাষ্ট্রপতি দলীয় কেউ হবেন নাকি বাইরের কেউ, সে বিষয়ে দলের নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আগামী ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন বসার কথা রয়েছে। পরবর্তী অধিবেশনেই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে বসবাস করবেন না। তিনি স্পিকারের সরকারি বাসভবনেই থাকবেন, তবে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য বঙ্গভবন থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। রোববার সকাল সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে বেলা সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।