আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুলাই, ২০২৬

আগামী আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ২৩ দিন বন্ধ থাকবে। ফলে দুই মাসে শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম চলবে মাত্র ৩৮ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বাৎসরিক ছুটির তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। তালিকা অনুযায়ী, আগস্ট মাসে সাপ্তাহিক ছুটিসহ মোট ১২ দিন এবং সেপ্টেম্বর মাসে ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। জানা গেছে, দুই মাসে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে মোট ১৭ দিন। এর বাইরে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস উপলক্ষে আরও ছয় দিন সরকারি ছুটি থাকবে।

আগস্ট মাস শুরুর আগেই ২৯ জুলাই (বুধবার) আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর ৩০ জুলাই বৃহস্পতিবার ক্লাস চললেও পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে।

আগস্ট মাস শুরু হবে সাপ্তাহিক ছুটির মধ্য দিয়ে। এ মাসে মোট ৯ দিন সাপ্তাহিক ছুটি রয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সব মিলিয়ে আগস্টে মোট ১২ দিন ছুটি থাকায় শ্রেণি কার্যক্রম চলবে ১৯ দিন।

অন্যদিকে, সেপ্টেম্বর মাসেও সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন দিবস উপলক্ষে তিন দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ মাসে মোট ১১ দিন ছুটি থাকায় শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে ১৯ দিন। শিক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত বাৎসরিক ছুটির বাইরে বিশেষ পরিস্থিতি তৈরি হলে, যেমন দুর্যোগপূর্ণ আবহাওয়া বা জরুরি কোনো কারণে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ছুটি ঘোষণা করতে পারে।

শিক্ষাবিদদের মতে, টানা ছুটির কারণে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে নির্ধারিত সময়ের মধ্যে পাঠ্যক্রম শেষ করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে শ্রেণি কার্যক্রম পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে।