হামলার পর জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ইয়েমেনে হামলার ঘটনার পর সৌদি আরবের দুটি গভর্নরেটে সাময়িকভাবে ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করেছিল দেশটির সিভিল ডিফেন্স ডিরেক্টরেট। তবে সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করে বিপদমুক্তির বার্তা দেওয়া হয়।

শনিবার (২৫ জুলাই) সৌদি সিভিল ডিফেন্স ডিরেক্টরেটের পক্ষ থেকে জাজান ও ইয়ানবু গভর্নরেটের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়। এ সময় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

বিশেষ করে ইয়ানবু গভর্নরেটের বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানায় কর্তৃপক্ষ। তবে কী ধরনের সম্ভাব্য হুমকির কারণে এই সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সতর্কতা জারির অল্প সময়ের মধ্যেই সিভিল ডিফেন্স ডিরেক্টরেট জানায়, জাজান ও ইয়ানবু অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আর কোনো সম্ভাব্য ঝুঁকি নেই। এরপর সতর্কতা প্রত্যাহার করা হয়।

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান অঞ্চল ইয়েমেন সীমান্তের কাছাকাছি হওয়ায় অতীতে বিভিন্ন সময় সেখানে নিরাপত্তাজনিত সতর্কতা জারি করা হয়েছে। ইয়েমেনের সংঘাত ও সীমান্তবর্তী হামলার প্রেক্ষাপটে সৌদি কর্তৃপক্ষ নিয়মিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে থাকে।

তবে এবারের সতর্কতার সঙ্গে ইয়েমেনে সংঘটিত হামলার কী ধরনের সরাসরি সম্পর্ক রয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।