লালমনিরহাটে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘মরহুম সাকিব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন

​লালমনিরহাট জেলা প্রতিনিধি, ফারুক সূর্য প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুলাই, ২০২৬

উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে লালমনিরহাট সদর উপজেলার এম টি হোসেন ইনস্টিটিউট মাঠে শুরু হয়েছে ‘মরহুম সাকিব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট (সিজন-১) ২০২৬’। যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে সূর্যমুখী সংগীত একাডেমি ও রহমান স্মৃতি গণগ্রন্থাগারের যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী খেলায় অংশ নেয় মারুফ এন্ড ব্রাদার্স ও গোল্ডেন ইগোল স্পোর্টিং ক্লাব। প্রতিযোগিতার উদ্বোধন করেন লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান।

উদ্বোধনী বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার বলেন, “মাদক ও অপসংস্কৃতি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন স্থানীয় উদীয়মান খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

রহমান স্মৃতি গণগ্রন্থাগারের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. তৌহিদুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির পরিবার ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বকুল, জেলা ট্রাক, ট্রাঙ্ক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জালাল উদ্দিন, সোনালী অতীত ক্লাবের সহ-সম্পাদক মো. মাহবুব আলম লিকু, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক মো. হারুন অর রশীদ এবং বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সভাপতি মো. আল আমিন।

সভাপতির বক্তব্যে মো. তৌহিদুল ইসলাম লিটন বলেন, “মরহুম সাকিবের স্মৃতি ধরে রাখা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও উজ্জীবিত করতেই এই আয়োজন। সকলের সহযোগিতা পেলে আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রহমান স্মৃতি গণগ্রন্থাগার ও সূর্যমুখী সংগীত একাডেমির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সূর্য। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন সাদিকুর ইসলাম রিফাত ও মো. জোনাব হোসেন বাবু।

উদ্বোধনী খেলা দেখতে এম টি হোসেন ইনস্টিটিউট মাঠে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের সমাগম ঘটে। পুরো মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা যায়।