রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
শুক্রবার (২৪ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। শনিবার (২৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই ২০২৬ তারিখে রাষ্ট্রপতির পদ ত্যাগ করায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে শুক্রবার মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। এরপর সংবিধানের নির্ধারিত বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জানান, তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ের কার্যক্রম পরিচালনা করবেন। তবে বসবাস করবেন সংসদ প্রাঙ্গণে অবস্থিত স্পিকারের সরকারি বাসভবনেই। এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রোববার (২৭ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
পরে দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। সংশ্লিষ্টরা বলছেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সাংবিধানিক নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।