ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুলাই, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

শুক্রবার (২৪ জুলাই) সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। পরে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব সফলভাবে পালনের জন্য শুভকামনা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন। সেই ধারাবাহিকতায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ দায়িত্ব গ্রহণ করেছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনে সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করবেন।