বরগুনার নতুন বাস স্ট্যান্ড থেকে ৩৫০০ পিস ইয়াবা সহ আটক ১

বরগুনা জেলা প্রতিনিধি, জাকির হোসেন  প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বরগুনায় মাদকবিরোধী অভিযানে ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে বরগুনাগামী একটি যাত্রীবাহী পরিবহন থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন বরগুনা সদর উপজেলার পাতাকাটা এলাকার মৃত হোসেন আলীর ছেলে মো. সাখাওয়াত হোসেন (৪৭)।

বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার কুদরত-ই-খুদার নেতৃত্বে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চলমান রয়েছে। ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ২৪ জুলাই রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে বরগুনাগামী একটি যাত্রীবাহী পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় সাখাওয়াত হোসেনের কাছ থেকে ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা পুলিশের কর্মকর্তারা।

পুলিশের দাবি, আটক সাখাওয়াত হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।