বগুড়া মহানগরে দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টির অভিযোগে মাসুদ পারভেজ রনি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দেখানো স্থান থেকে ঘটনার সময় ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার বগুড়া সাব-রেজিস্ট্রি অফিসে একটি নির্বাচন চলাকালে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মাসুদ পারভেজ রনি দেশীয় অস্ত্র হাতে সেখানে উপস্থিত হন। এ ঘটনায় উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে গত শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতারের পর রনির দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া মহানগরের নাটাইপাড়া এলাকা থেকে ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।