পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া, উপজেলা প্রকৌশলী আরমগীর হোসেন বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তামাজ্জল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাচ্ছিম বিল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা বেগম।
এ ছাড়া ইউএনও কার্যালয়ের সহকারী জাফর আহমদ, সামছুল আরেফিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। নিজ নিজ অফিস, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে একটি সুন্দর পরিবেশ তৈরি হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগব্যাধি ও জলাবদ্ধতার মতো সমস্যাও অনেকাংশে কমে আসবে।
তিনি আরও বলেন, অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা, পলিথিনের অতিরিক্ত ব্যবহার এবং ড্রেন ও খালে আগাছা জমে থাকা জলাবদ্ধতার অন্যতম কারণ। এসব বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
ইউএনও বলেন, “আসুন, আমরা সবাই নিজ নিজ আঙিনা ও কর্মস্থল পরিষ্কার রাখি এবং একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য সীতাকুণ্ড গড়ে তুলতে একসঙ্গে কাজ করি।” অনুষ্ঠান শেষে উপস্থিত কর্মকর্তারা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় তারা পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।