ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুলাই, ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’। বৈশ্বিক প্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি এবং সেমিকন্ডাক্টর শিল্পে দেশের অবস্থান শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী পৌঁছালে আয়োজক এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে দু’দিনব্যাপী এ সামিটের উদ্বোধন ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর বা চিপ শিল্প প্রযুক্তি উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, যোগাযোগ ব্যবস্থা, ইলেকট্রনিকসসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই খাতে বাংলাদেশের সম্ভাবনা তৈরি, বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যেই এ সামিটের আয়োজন করা হয়েছে।

দু’দিনব্যাপী এই আয়োজনে দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, প্রকৌশলী এবং তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। সামিটে সেমিকন্ডাক্টর শিল্পের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের সম্ভাবনা, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

আয়োজনে একাধিক সেমিনার, প্যানেল আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এসব আলোচনায় দেশের প্রকৌশলী ও তরুণ প্রযুক্তিবিদদের দক্ষতা বৃদ্ধি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক প্রযুক্তি বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন দেশের প্রযুক্তি খাতকে আরও এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরতে এ সামিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।