‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ৫০ শয্যাবিশিষ্ট নবাবগঞ্জ উপজেলা হাসপাতালে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা হাসপাতাল প্রাঙ্গণ থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি সচেতনতামূলক র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। একই সঙ্গে হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার ডা. ইয়াবিদ আল শাফায়াত, ডা. সাব্বির হোসেন, নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাই সচেতন হয়ে নিজেদের বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু ও চিকনগুনিয়ার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা যায়।