নবাবগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি, মেহেদী হাসান প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুলাই, ২০২৬

রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং জরুরি মুহূর্তে দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়ার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সেবার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ২৫০ জনের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) দিনব্যাপী উপজেলার বোয়ালমারী কাঁচদহ ফাযিল (স্নাতক) মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে বোয়ালমারী কাঁচদহ সমাজকল্যাণ সংস্থা। এতে সহযোগিতা করে মাহমুদপুর ব্লাড ডোনেশন সোসাইটি।

আয়োজকরা জানান, একজন সুস্থ মানুষের নির্দিষ্ট সময় পর পর রক্তদান করা মানবিক দায়িত্ব। তবে রক্তদান ও জরুরি প্রয়োজনে রক্ত সংগ্রহের জন্য নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোয়ালমারী কাঁচদহ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোস্তাফা কামাল রুমন, সংগঠনের সাধারণ সম্পাদক, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, মাহমুদপুর ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি মো. রবিউল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক ছাহিবুর রহমানসহ উভয় সংগঠনের স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে স্বাগত জানান। স্থানীয় সচেতন মহলের মতে, এখনও অনেক মানুষ নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানেন না। বিনামূল্যে এমন কর্মসূচির মাধ্যমে তারা সহজেই নিজেদের রক্তের গ্রুপ জানতে পারছেন, যা ভবিষ্যতে জরুরি চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বোয়ালমারী কাঁচদহ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোস্তাফা কামাল রুমন বলেন, “আমাদের সংগঠন সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।”

আয়োজকরা জানান, রক্তদান সম্পর্কে মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করা এবং স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বাড়াতে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের কর্মসূচির আয়োজন করা হবে। স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগের প্রশংসা করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।