দেওয়ানগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ঢেউটিন ও আর্থিক সহায়তা

দেওয়ানগঞ্জ প্রতিনিধি,লাবলু মিয়া প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুলাই, ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৩টি পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।

শনিবার (২৫ জুলাই) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি প্রতিটি পরিবারের হাতে দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকার দেশের কোনো মানুষকে গৃহহীন বা অসহায় অবস্থায় দেখতে চায় না। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন নিজেদের জন্য নিরাপদ ঘর নির্মাণ করতে পারে, সে লক্ষ্যেই তাদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে পরিবার কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন উদ্যোগ রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, সহসভাপতি মাহবুবুর রহমান মাহবুব, স্বপন কুমার, জাহাঙ্গীর আলম লাবলু, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মুছা, পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাদেক আক্তার নেওয়াজী টফিসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারের এ সহায়তা ঘরবাড়ি পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান।