দেওয়ানগঞ্জে চিকাজানী ইউনিয়ন ভূমি অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

দেওয়ানগঞ্জ প্রতিনিধি, লাবলু মিয়া প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুলাই, ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের টাকীমারী এলাকায় নতুন ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, জনগণের দোরগোড়ায় ভূমি-সংক্রান্ত সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। নতুন ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মিত হলে চিকাজানী ইউনিয়নের বাসিন্দারা দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে ভূমি-সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন। তিনি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী বলেন, নতুন ভূমি অফিস ভবন নির্মিত হলে ভূমি ব্যবস্থাপনায় আধুনিকতা আসবে এবং সেবার মান আরও উন্নত হবে। জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা দিতে জেলা প্রশাসন সবসময় আন্তরিক রয়েছে। সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সহ-সভাপতি স্বপন কুমার, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম লাবলু, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মুছা, পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাদেক আক্তার নেওয়াজী টফিসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং চিকাজানী ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।