দীঘিনালায় ডি.এস.এফ’র মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

দীঘিনালা উপজেলা প্রতিনিধি, আবুল কালাম প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুলাই, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডি.এস.এফ’র উদ্যোগে মেডিকেল ক্যাম্প-১৩৪ অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

ক্যাম্পে উপস্থিত ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান), রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের সার্বিক সহযোগিতায় সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। আগত রোগীরা চিকিৎসকদের আন্তরিক সেবা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান) ডি.এস.এফ সংগঠনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বন্যাকবলিত ও অসহায় দরিদ্র মানুষের জন্য এ ধরনের মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।