প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় বান্দরবানের থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীর নৌপথে চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। শনিবার (২৫ জুলাই) দুপুরে উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা শাখার অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে থানচি উপজেলার থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে নদীপথে চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় পর্যটক, স্থানীয় বাসিন্দা, নৌযান চালকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন করতে এবং প্রশাসনের দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে নৌ চলাচলের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে এর আগে শুক্রবার (২৪ জুলাই) বান্দরবানের থানচি এলাকায় পর্যটকবাহী একটি নৌকা ডুবে একজন পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। জানা যায়, ১৩ জনের একটি পর্যটক দল মোটরসাইকেলে ডিম পাহাড় হয়ে তিন্দু এলাকায় পৌঁছায়। পরে তারা লাংলোক ঝরনার উদ্দেশ্যে যাত্রা করলে রাজা পাথর এলাকায় তাদের নৌকা ডুবে যায়।
নৌকা ডুবে যাওয়ার পর অন্য পর্যটকরা প্রাণে বেঁচে গেলেও একজন নিখোঁজ হন। নিখোঁজ পর্যটককে উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, পাহাড়ি এলাকায় বর্ষাকালে নদীর পানি বৃদ্ধি ও স্রোত বেড়ে যাওয়ায় নৌ চলাচলে ঝুঁকি তৈরি হয়। এ কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে নৌপথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।