ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে কেন্দ্র করে একের পর এক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (২৫ জুলাই) সকালে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে ইসলামপুর এলাকায় মহাসড়কের মূল লেনে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। ওই বাস দেখে পেছনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করে। এর পেছনে থাকা একটি কাভার্ডভ্যানও একইভাবে থামার চেষ্টা করে। কাভার্ডভ্যানের পেছনে থাকা দুটি মোটরসাইকেলও থেমে যায়। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয়পত্র থেকে জানা যায়, নিহত একজন হলেন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা। তিনি সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে।
অপর নিহত সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয় এলাকার আশুতোষ সাহার ছেলে। তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। নিহত দুইজন সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই। সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন জানান, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ধামরাই থানার উপপরিদর্শক তারেক জানান, সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে ইসলামপুর এলাকায় দুর্ঘটনার খবর পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করে। তিনি বলেন, বিষয়টি হাইওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মহাসড়কের মূল লেনে বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা বাসটিই দুর্ঘটনার সূত্রপাত করে। বাসটি দেখে সামনে থাকা গাড়িগুলো হঠাৎ ব্রেক করায় পেছনের যানবাহনগুলো একে অপরের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনাকবলিত সব যানবাহনই ঢাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল।