আর্থিক সংকটে কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ যেন থেমে না যায়—এমন প্রত্যয় থেকে বগুড়ার শিবগঞ্জের মেধাবী শিক্ষার্থী শফিউল ইসলাম নীরবের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গ্রামের সেলিম রেজার ছেলে শফিউল ইসলাম নীরব রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তি পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হন। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
বিষয়টি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নজরে এলে তিনি নীরবের খোঁজখবর নেন এবং তার সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রতিমন্ত্রী নীরবের হাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয় আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় প্রতিমন্ত্রী ভবিষ্যতেও নীরবের পড়াশোনার ব্যয়ভার বহনে সহযোগিতা করার আশ্বাস দেন। তার এই উদ্যোগে উচ্চশিক্ষার পথে মেধাবী শিক্ষার্থীটির নতুন আশার সঞ্চার হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এবং রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত নীরব প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ সহযোগিতা তার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথকে আরও সহজ করেছে। ভবিষ্যতে তিনি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।