সাতক্ষীরার আশাশুনি সদর ইউনিয়নের নাটানা বারোনী মাঠে রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় আয়োজিত এ খেলায় হাড়িভাঙ্গা বিবাহিত একাদশ ও অ-বিবাহিত একাদশ অংশ নেয়। জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে বিবাহিত একাদশ ৫-৪ গোলের ব্যবধানে অ-বিবাহিত একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলার শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। নির্ধারিত সময়জুড়ে উভয় দলের খেলোয়াড়রা দৃষ্টিনন্দন নৈপুণ্য প্রদর্শন করলে মাঠে উপস্থিত বিপুলসংখ্যক দর্শক করতালির মাধ্যমে তাদের উৎসাহিত করেন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বিজয়ী দলের খেলোয়াড়দের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
প্রতিযোগিতার উদ্বোধন করেন আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, গণঅধিকার পরিষদের নেতা এবং রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. সাইফুল্লাহ ঢালী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন আশাশুনি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস. এম. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সাগর হোসেন, নাটানা যুব সংঘের সাধারণ সম্পাদক রাজু কুমার মণ্ডল, ক্রীড়া সম্পাদক দ্বীবজয় মণ্ডল, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মিলন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট খালিদ হোসেন এবং উপদেষ্টা অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, এনায়েত ফেরদৌস, কাজী তারিক আহমদ ও কামরুল হাসানের পৃষ্ঠপোষকতায় এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
খেলা শেষে প্রধান অতিথি মো. সাইফুল্লাহ ঢালী বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলাটি পরিচালনা করেন মো. তুহিন গাজী।