আবারও মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, বললেন—‘বন্ধুরা, ধন্যবাদ’

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে দেওয়া আগের ভিডিও বার্তায় ইতিবাচক সাড়া দেওয়ায় দেশের তরুণদের ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (২৪ জুলাই) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, তার বক্তব্যের পর শিক্ষার্থী ও তরুণরা যেভাবে মতামত ও পরামর্শ দিয়েছেন, তাতে তিনি আনন্দিত। তিনি তরুণদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভিডিও বার্তায় মোদি বলেন, “বন্ধুরা, ধন্যবাদ। গত রাতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। আপনারা আমার ভিডিও দেখে যেভাবে ইতিবাচক মতামত ও পরামর্শ দিয়েছেন, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থন যেন এভাবেই থাকে এবং আমাদের এই সম্পর্ক আরও দৃঢ় ও সক্রিয় হয়ে উঠুক।”

ভিডিওটির সঙ্গে দেওয়া বার্তায়ও ভারতের প্রধানমন্ত্রী লেখেন, গত ২৩ জুলাই প্রকাশিত ভিডিওটি দেখে মূল্যবান পরামর্শ পাঠানো সব তরুণকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন। এর আগে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আরও কঠোর আইন প্রণয়নের ঘোষণা দেন মোদি। সাম্প্রতিক মেডিকেল ভর্তি পরীক্ষা নিটে অনিয়মের অভিযোগ এবং দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি এ উদ্যোগের কথা জানান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালত গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে একটি খসড়া বিল মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। পরে সংসদে বিলটি পাসের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

মোদি বলেন, প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ ঘটনা নয়। এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টের বিষয়। তিনি জানান, গত আড়াই মাসে সরকার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রায় ২২ লাখ শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং ১৯ জুলাই তাদের ফল প্রকাশ করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত বিচার ও কঠোর শাস্তির ব্যবস্থা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবিত আইন সংসদে উত্থাপন করা হবে।