আন্দোলনের জন্য দেশের মানুষের প্রতি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় প্রধান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৫ জুলাই) সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সমাবেশে সরকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, ভালোভাবে আমাদের দাবি মেনে নিন। অন্যথায় দেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে এবং গুলি খেয়ে মুক্তির পথে কীভাবে এগিয়ে যেতে হয় তা শিখে নিয়েছে। তিনি বলেন, যারা বর্তমানে সরকার পরিচালনা করছে, তারাও একসময় নির্যাতনের শিকার ছিল। কিন্তু এখন তারা সেই পথেই হাঁটা শুরু করেছে, যে পথ ফ্যাসিবাদী আওয়ামী লীগ অনুসরণ করেছিল।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা আমাদের শহীদদের সঙ্গে বেইমানি করব না। জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করব না। দেশের ১৮ কোটি মানুষের সঙ্গেও কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করব না। তিনি আরও বলেন, গণভোটকে কোনোভাবেই অপমান করতে দেওয়া হবে না। গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমেই আন্দোলন সফলতার দিকে এগিয়ে যাবে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন জনগণ মেনে নেবে না।
সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ, দুর্নীতি ও অনিয়ম চলছে। জনগণ এসব মেনে নেবে না। শেখ হাসিনাকে জনগণ ক্ষমতা থেকে সরিয়েছে। যদি কেউ আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে, জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।
তিনি বলেন, আন্দোলনের ডাক আসবে। সে জন্য ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও দুর্নীতি দূর না হওয়া পর্যন্ত আন্দোলন আরও তীব্র হবে।
সিলেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত। প্রবাসী অধ্যুষিত এলাকা হলেও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এখনো পূর্ণাঙ্গ রূপ পায়নি। পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করে জনগণের দুর্ভোগ কমানোর দাবি জানান তিনি।
এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা মুমিনুল হক, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।