লালমনিরহাটে ‘অভিযান’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

​লালমনিরহাট প্রতিনিধি: ফারুক সূর্য প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে লালমনিরহাটে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভিযান’-এর উদ্যোগে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে লালমনিরহাট ট্রেইনিং স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিএনপি কলোনি সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সুধীজন ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘অভিযান’ ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। তিনি বলেন, পরিবেশের নানামুখী সংকট থেকে দেশকে রক্ষা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিকের উচিত নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ করা। তিনি আরও বলেন, ‘অভিযান’ শুধু একটি সামাজিক সংগঠন নয়, বরং লালমনিরহাটের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করা একটি দায়িত্বশীল প্ল্যাটফর্ম। এ ধরনের উদ্যোগ শহরকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেলিন। তিনি বলেন, শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। তাহলেই বৃক্ষরোপণ কর্মসূচির প্রকৃত উদ্দেশ্য সফল হবে। তিনি জানান, ‘অভিযান’ ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণে এ ধরনের সামাজিক ও টেকসই কার্যক্রম অব্যাহত রাখবে।

কর্মসূচিতে সার্বিক সমন্বয় ও দিকনির্দেশনা প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম ওয়াহেদুজ্জামান অদু। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক এহতাশামুল কবির লেমন, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম অন্তু, প্রচার সম্পাদক শামসুল হক, কার্যকরী সদস্য মোহতাসানুল আলম কালাম, মোহতারুল ইসলাম বিদ্যুৎ, রাশেদুল খন্দকার বাবুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচি শেষে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। পরিবেশ রক্ষায় এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা ‘অভিযান’-এর ভূয়সী প্রশংসা করেন।