মানুষের মাঝে আশার আলো জ্বালাচ্ছে ‘আমরা বিএনপি পরিবার’

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

বাংলাদেশের রাজনীতিতে গত দেড় দশকে গুম, খুন, নির্যাতন, পঙ্গুত্ব ও রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছেন বহু মানুষ। দীর্ঘ সময় ধরে স্বজন হারানোর বেদনা ও নানা সংকটের মধ্য দিয়ে জীবন কাটাতে হয়েছে অনেক নেতা-কর্মী ও তাদের পরিবারকে। এসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিশেষ সেল ‘আমরা বিএনপি পরিবার’ বর্তমানে রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে একটি মানবিক সহায়তামূলক সংগঠন হিসেবে কাজ করছে।

সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্টদের দাবি, তার নির্দেশনায় সংগঠনটি চিকিৎসা সহায়তা, শিক্ষা, পুনর্বাসন ও সামাজিক সহযোগিতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক সহায়তা এবং তার ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসায় সহযোগিতা উল্লেখযোগ্য।

সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জানান, ২০২৪ সালের ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেও এর মানবিক কার্যক্রম এর আগ থেকেই চলছিল। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় সংগঠনটি দ্রুত একটি বড় মানবিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

তিনি জানান, রাজনৈতিক সহিংসতা, গুম, খুন, নির্যাতন ও বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। বর্তমানে চিকিৎসা সহায়তা, শিক্ষা বৃত্তি, পুনর্বাসন ও জরুরি সহযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করছে সংগঠনটি। সংগঠনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৯২টি শহীদ পরিবার ও ২৮৫ জন আহত ব্যক্তির পুনর্বাসনে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ১৮০ শিশুর শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে নিয়মিত সহায়তা দেওয়া হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আহতদের চিকিৎসা সহায়তাতেও সক্রিয় ছিল সংগঠনটি। ঢাকার বিভিন্ন হাসপাতালসহ দেশের বিভিন্ন স্থানে আহতদের চিকিৎসা ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। এ ছাড়া বন্যার্তদের সহায়তা, গৃহ নির্মাণ, অসহায় পরিবারকে জীবিকা উপকরণ প্রদান, চিকিৎসা সহায়তা ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, অসহায় মানুষ, আহত কর্মী, ক্ষতিগ্রস্ত পরিবার ও বিভিন্ন সংকটে থাকা নাগরিকদের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সংশ্লিষ্টরা মনে করছেন, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পরিচালিত এমন উদ্যোগ দেশের মানবিক সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।