চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) রাতে নগরীর হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আফতাব মজুমদার এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক এবং বন্দর থানা যুবশক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া গত ১৪ মে দলের সদস্য সচিব আখতার হোসেনের স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছিল বলে জানা গেছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, চান্দগাঁও থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী চলবে। মামলার নথি অনুযায়ী, চট্টগ্রামের আগ্রাবাদ মহিলা কলেজের এক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলে ওই শিক্ষার্থীকে বিয়ের আশ্বাস দেন আফতাব।
এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ১৪ জুলাই রাতে চান্দগাঁও এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। পরে বিয়ের বিষয়ে চাপ দিলে আফতাব তা অস্বীকার করেন এবং যোগাযোগ বন্ধ করে দেন।
পরবর্তীতে ভুক্তভোগী জানতে পারেন, আফতাব আগে থেকেই বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। এরপর গত ১৯ জুলাই ওই শিক্ষার্থী চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, আফতাব মজুমদার দলের একজন সদস্য। তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, অভিযুক্তের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী বিচার কার্যক্রম চলবে।