বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক

বাগেরহাট জেলা প্রতিনিধি, জী এম নূরুল হুদা প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

বাগেরহাটের আলোচিত এইচএসসি পরীক্ষার্থী ও কৃষি ব্যাংকের কর্মী ইসমাইল ইকনকে আর্থিক সহায়তা এবং বেতনসহ এক মাসের ছুটি দিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে দায়িত্ব পালন করে পরদিন এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা দেশজুড়ে আলোচনায় আসে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কৃষি ব্যাংকের বাগেরহাট আঞ্চলিক কার্যালয়ে ইকনের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া। এ সময় ইকনকে এক লাখ টাকা আর্থিক সহায়তা এবং পূর্ণ বেতনে এক মাসের ছুটি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম খান, শাখা ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা জগলুল কবিরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া বলেন, ইকনের বাবার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। প্রধান কার্যালয়ের নির্দেশনা এবং ব্যবস্থাপনা পরিচালক মিজ সঞ্চিয়া বিনতে আলীর পক্ষ থেকে ইকনকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এর আগে বৃহস্পতিবার দুপুরের দিকে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন নিজ কার্যালয়ে ইকনকে ডেকে নিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতের জন্য বিভিন্ন পরামর্শ দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবা উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ আতিয়া খাতুন এবং ইকনের মামা উপস্থিত ছিলেন।

ইকন জানান, দেশ-বিদেশের অনেক মানুষ তার পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া লতিফ মাস্টার ফাউন্ডেশনসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তার পড়াশোনা চালিয়ে যেতে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

নিজের অনুভূতি প্রকাশ করে ইকন বলেন, বাবার মৃত্যুর পর জীবন আরও কঠিন হয়ে পড়েছে। একদিকে বাবার শোক, অন্যদিকে চাকরি ও পরীক্ষা—সবকিছু একসঙ্গে সামলাতে হয়েছে। তবে এ সময়ে প্রতিবেশী, আত্মীয়স্বজন ও বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান তার পাশে দাঁড়ানোয় তিনি কৃতজ্ঞ।

উল্লেখ্য, বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকার বাসিন্দা ইসমাইল ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওই দিন বিকেলে বাবার দাফন শেষে রাতে তিনি কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করেন। পরদিন সকালে সরকারি পিসি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ঘটনাটি জানাজানি হলে বিভিন্ন মহল থেকে তার প্রতি সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়।

চলতি বছরের মে মাস থেকে ইকন কৃষি ব্যাংকের এটিএম বুথে কর্মরত আছেন। এর আগে পড়াশোনার খরচ চালাতে তিনি এলাকায় টিউশনি করতেন।