নেছারাবাদের পেয়ারা বাগানে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা, জব্দ দুই বক্স

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জনপ্রিয় পর্যটন এলাকা আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজিয়ে গণউপদ্রব সৃষ্টির অভিযোগে মেহেদী হাসান (২০) নামে এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থল থেকে দুটি সাউন্ডবক্স জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহমুদ।

জানা গেছে, ওইদিন আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে একদল যুবক উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজিয়ে দর্শনার্থীদের ভোগান্তি সৃষ্টি করছিল। এতে পর্যটন এলাকার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি জনশৃঙ্খলা ব্যাহত হচ্ছিল। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় মেহেদী হাসানকে অর্থদণ্ড দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে দুটি সাউন্ডবক্স জব্দ করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহমুদ উপস্থিত পর্যটক, নৌযানচালক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পর্যটন এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তুলতে উপজেলা প্রশাসনের জারি করা নির্দেশনা ও বিজ্ঞপ্তি মেনে চলার আহ্বান জানানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানসহ নেছারাবাদ উপজেলার অন্যান্য পর্যটন এলাকায় শৃঙ্খলা রক্ষা ও দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

স্থানীয়রা জানান, পর্যটন এলাকাগুলোতে উচ্চ শব্দে গান বাজানোসহ নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে দর্শনার্থীরা সমস্যায় পড়েন। প্রশাসনের এমন উদ্যোগে পর্যটন এলাকার পরিবেশ আরও সুন্দর ও নিরাপদ হবে বলে তারা আশা প্রকাশ করেন।