ময়মনসিংহের ত্রিশালে দীর্ঘ প্রতীক্ষার পর আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নজরুল সিটি শিশু পার্কের ফলক উন্মোচন করে উদ্বোধন করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ত্রিশাল পৌরসভার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আরাফাত সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন বলেন, “আপনারা আমাকে দুই মাস সময় দেন। দেখবেন আমি ত্রিশালকে কীভাবে গড়ে তুলি। আজ নজরুল সিটি শিশু পার্কের উদ্বোধন হচ্ছে। এর কাজ দ্রুতগতিতে শেষ করা হবে। তখন ত্রিশালকে আরও সুন্দর ও আধুনিক রূপে দেখতে পারবেন।”
তিনি আরও বলেন, ত্রিশালকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আলাদা ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “ক্ষুদ্র ব্যবসায়ীদের বসার জন্য ভালো একটি জায়গা নির্ধারণ করে রেখেছি। আপনারা শুধু একটু ধৈর্য ধরুন। ত্রিশাল উপজেলা হবে একটি আধুনিক নজরুল সিটি, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম।
এ সময় ত্রিশাল বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবসায়ী আলম, কামরুল, শামীমসহ অনেকে। তারা শিশু পার্ক নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ত্রিশালে একটি আধুনিক শিশু পার্কের প্রয়োজন ছিল। নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিশুদের বিনোদনের পাশাপাশি শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।