ঝাউডাঙ্গা কলেজে খালেদা জিয়ার স্মরণে মসজিদ নির্মাণের ঘোষণা হাবিবের

সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে একটি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে কলেজ প্রাঙ্গণে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ-২০২৬ এবং নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, ২০০০ সালে বেগম খালেদা জিয়া সাতক্ষীরা থেকে বেনাপোল যাওয়ার পথে ঝাউডাঙ্গা কলেজসংলগ্ন সড়কে প্রায় ১১ ঘণ্টা অবস্থান করেছিলেন। সেই স্মৃতিকে ধরে রাখতে এবং নিজের মায়ের স্মরণে কলেজ ক্যাম্পাসে একটি মসজিদ নির্মাণ করবেন বলে তিনি ঘোষণা দেন।

তিনি আরও বলেন, কলেজ ভবনের সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ আনার চেষ্টা করবেন। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরিবেশ রক্ষায় শিক্ষার্থী ও শিক্ষকদের অন্তত একটি করে গাছ লাগানোরও আহ্বান জানান তিনি।

কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আনারুল ইসলাম ও বাংলা বিভাগের প্রভাষক আলতাফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ নুরুল আমিন, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক মুরশিদ আলম, কাজিরহাট কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।