চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ২১ জুলাই এক দিনেই দেশে প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯৫৯ কোটি ৪০ লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ৫০ শতাংশ।
খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়তা করবে। পাশাপাশি ডলার সরবরাহ বাড়ায় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বৃদ্ধি, ব্যাংকিং চ্যানেলে লেনদেন সহজ হওয়া এবং প্রবাসীদের আস্থা বৃদ্ধির কারণে রেমিট্যান্স প্রবাহে এই গতি এসেছে।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো প্রবাসী আয়। রপ্তানি আয়ের পাশাপাশি রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার জোগান, আমদানি ব্যয় নির্বাহ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলতি মাসেও এই প্রবাহ অব্যাহত থাকলে দেশের অর্থনীতিতে আরও স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।