আশুলিয়ার নবীনগর-বাইপাইল থেকে ডিইপিজেড হয়ে চন্দ্রা পর্যন্ত গুরুত্বপূর্ণ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে হাজার হাজার যাত্রী ও যানবাহন চালক চরম দুর্ভোগের শিকার হয়েছেন।
স্টাফ রিপোর্টার নাসিম খান জানান, রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন জেলার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রুট নবীনগর-বাইপাইল-ডিইপিজেড-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন অংশে কয়েক ঘণ্টা ধরে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহন আটকে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।
যানজটের কারণে অফিসগামী মানুষ, পোশাকশ্রমিক ও দূরপাল্লার যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘ সময় সড়কে আটকে থেকে তীব্র গরমে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। অনেক যাত্রী বাধ্য হয়ে যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন।
এদিকে যানজট নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করছেন। তবে দীর্ঘ যানজটের কারণে সড়কে স্বাভাবিক গতি ফিরতে সময় লাগছে বলে জানা গেছে।