দুর্গন্ধে মিলল খোঁজ, দরজা ভেঙে ববি শিক্ষার্থীর ম’রদে’হ উদ্ধার

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ জুলাই, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেসের কক্ষ থেকে উদ্ধার হওয়া ওই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উচ্ছ্বাস কর্মকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উচ্ছ্বাস কর্মকার একাই ওই কক্ষে বসবাস করতেন। কয়েকদিন ধরে তার কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে একই মেসে থাকা অন্য শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি বন্দর থানা পুলিশকে জানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উচ্ছ্বাসের মরদেহ উদ্ধার করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং সহপাঠীরাও ঘটনাস্থলে উপস্থিত হন।

সহপাঠীরা জানান, ভবনের নিচতলার কক্ষগুলো শিক্ষার্থীরা মেস হিসেবে ব্যবহার করতেন এবং উচ্ছ্বাস কর্মকার একটি কক্ষে একাই থাকতেন। দীর্ঘ সময় কক্ষটি বন্ধ থাকলেও প্রথমে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়নি। পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশকে খবর দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।